আমি আবদুল্লাহ আল মুনীর। ১৯৯৮ সালের ২৮শে মার্চে টাঙ্গাইল সদরে আমার জন্ম। পড়াশোনা শুরু করেছি মাতৃভূমিতেই। টাঙ্গাইল মার্কাজ মাদরাসা থেকে হিফজুল কুরআন সম্পন্ন করেছি। এরপর আশরাফুল মাদারেস বাগে মদিনায় হিফজ রিভিশন করেছি। উর্দুখানা থেকে হেদায়া পর্যন্ত পড়েছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেখল হামিউসসুন্নাহ মাদরাসায়। এরপর মেশকাত ও দাওরা সম্পন্ন করেছি দারুল উলুম হাটহাজারীতে। দাওরায়ে হাদিস সমাপনের পর ঢাকায় জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ীতে উচ্চতর ইসলামি আইন (ইফতা) পড়েছি, এরপর সেন্টার ফর ইসলামিক থট এন্ড স্টাডিজে রিসার্চ মেথোডলজি নিয়ে পড়েছি।
কর্মজীবনের শুরু থেকে আজ অবধি দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান ইত্তিহাদ পাবলিকেশনে যুক্ত আছি। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করছি।
লেখালিখির প্রতি শৈশব থেকেই আমি দূর্বল। বয়স যখন বারো, তখন থেকেই পরিকল্পনা—লেখক হবো। সেই থেকে শুরু, আজ অবধি লিখছিই। আমার প্রথম বই বেরোয় ২০১৭ সালে। যৌথ সংকলনধর্মী বইটির নাম ছিল নাফ নদীর এপাড় ওপাড়। এর পরের বছর মূলত আমি আত্মপ্রকাশ করি আঁধারে জোছনা জ্বলে নামে প্রকাশিত আমার প্রথম উপন্যাসের মাধ্যমে। এরপর থেকে এখন পর্যন্ত আমার আরও পাঁচটি উপন্যাস, একটি গল্পের বই, ছয়টি অনুবাদ, আর অসংখ্য সম্পাদিত বই প্রকাশ পেয়েছে। নবীন লেখকদের নিয়ে স্বপ্নধনু নামে একটি লিটলম্যাগও সম্পাদনা করেছি কিছুকাল।
এটুকুই আমার লেখক-পরিচয়। আমাকে পড়তে এতদূর এসেছেন যারা, তারা আমার একান্ত প্রিয়জন। সোস্যাল মিডিয়ার কোলাহল থেকে খানিক দূরে নিরব নির্জন একটি বাগানবাড়ি আমি নির্মাণ করেছি; যেখানে আমি আমার প্রিয় পাঠকদের নিয়ে আড্ডা দেব। এখানে শুধু আমরা—আর কেউ নেই। তো আসুন গল্প করা যাক।